LinkedIn

Showing posts with label Bengali Literature. Show all posts
Showing posts with label Bengali Literature. Show all posts

Saturday, 22 February 2025

Studing Languages II বাংলা প্রবচন-Bengali Proverbs






হ
দিয়ে প্রবাদ প্রবচন

✍

1. হওয়া ভাতে কাঠি: 

কাজ শেষ হয়ে গেলে তাতে সাহায্য করতে আসা।

2. হাতের লক্ষ্মী পায়ে ঠেলা: সৌভাগ্যে পাওয়া সুযোগ বুদ্ধিদোষে নষ্ট করা।

3. হংসমধ্যে বকো যথা: 

সুন্দরের মধ্যে অসুন্দরের উপস্থিতি; গুণীজনের মাঝে মূর্খের বিসদৃশ উপস্থিতি।

4. হক কথায় আহাম্মক রুষ্ট: 

উচিত/সত্য কথা বললে নির্বোধ ব্যক্তিরা রাগ করে এবং বুদ্ধিমান সন্তুষ্ট হয়।

5. হাতে মারি না ভাতে মারি: 

হাতে মারার চেয়ে ভাতে মারা অনেক নিষ্ঠুরতার কাজ।

6. হাতে দই পাতে দই তবু বলে কই কই: 

নিমন্ত্রণবাড়ীতে ভূরিভোজ করেও আশ মেটে না; যেন কোনদিন কিছু খায় নি।

প্রাচুর্য সত্বেও অভাববোধ যায় না।

7. হক কথায় দেবতা তুষ্ট, উচিৎ কথায় মানুষ রুষ্ট: 

দেবতুল্যলোক উচিৎ কথা শুনে সন্তুষ্ট হন, কিন্তু সাধারণ মানুষেরা উচিৎ কথা শুনে ক্ষেপে যায়।

8. হক কথায় বন্ধু বিগড়ায় / হক কথায় মামা বেজার: 

সত্যকথা কেউ শুনতে নারাজ; সত্যকথা বললে আপনজনও অপছন্দ করে; সুতরাং মা ব্রুয়াৎ সত্যমপ্রিয়ম।

9. হক কথার ভাত নেই: 

উচিত/সত্য কথা দাম পায় না।

10. হাতে কালি মুখে কালি বাছা আমার লিখে এলি: 

ছেলে লিখুক বা না লিখুক হাতে মুখে কালি থাকলে মায়েরা ভাবে ছেলে তার লিখেপড়ে এসেছে।

11. হাতির পাঁচ পা দেখা: 

অহঙ্কারী ব্যক্তির দাম্ভিক আচরণ।

12. হক কথার মার নেই: 

সত্য কথা বলায় বিঘ্ন নেই।

13. হাতি মরলেও লাখ টাকা: 

মহার্ঘ বস্তু সবসময় মহার্ঘ থাকে।

14. হাতি ঘোড়া গেল তল, মশা বলে কত জল: 

বিজ্ঞরা যেখানে ব্যর্থ সেখানে নির্বোধ এসে নাক গলায়; সবল যে কাজ করতে ব্যর্থ, দুর্বল সেই কাজ করতে এগিয়ে যায়।

15. হবুচন্দ্র রাজার গবুচন্দ্র মন্ত্রী: 

যেমন হাঁদারাম রাজা তেমনি গাধারাম মন্ত্রণাদাতা; 

অকর্মণ্য ব্যক্তির ততোধিক অযোগ্য দোসর; 

নির্বোধ লোকের নির্বোধ পরামর্শদাতা।

মূল প্রবাদটি হল ভবচন্দ্র রাজার গবচন্দ্র মন্ত্রী; (উৎসকাহিনী- ভবচন্দ্র ছিলেন কামরূপের রাজা গোবিন্দচন্দ্রের পুত্র; তাঁর আসল নাম ছিল উদয়চন্দ্র; ডাকনাম ছিল ভবচদ্র; তিনি ছিলেন অচতুর; তাঁর মন্ত্রীও ছিলেন তেমনি নির্বোধ; সেইজন্য ভব, হব বা হবু হয়েছেন (হাবারাম অর্থে) এবং মন্ত্রী গব বা গবু হয়েছেন (গবারাম অর্থে)।

16. হবু ছেলের অন্নপ্রাশন: 

আগাম সুখকল্পনা; পরে কি হবে না জেনে আগে থেকেই প্রস্তুতি;
সমতুল্য- 'কালনেমির লঙ্কাভাগ'; 'রাবনের ছাদনাতলা'; রাম না হতেই রামায়ণ' ইত্যাদি।

17. হাড়ে দূর্বা গজানো: 

জমি পড়ে থাকলে দূর্বা গজায়, - অত্যন্ত অলস; আলসেমি এমনমাত্রার যে দূর্বাও সেখানে গজানোর সুযোগ পায়।

18. হাড় এক ঠাঁই মাস এক ঠাঁই: 

প্রচণ্ড প্রহারে ক্ষতবিক্ষত।

19. হ-য-ব-র-ল: 

কাজে বিশৃঙ্খলা; গোলমেলে ব্যাপার

20. হয় না-হয় বিয়ে, ঢাক বাজাও গিয়ে: 

বিয়ে হবে কিনা ঠিক নেই তারজন্য আগাম ব্যস্ততা; আদিখ্যেতা, বাড়াবাড়ি। সমতুল্য- 'হবু ছেলের অন্নপ্রাশন'।

21. হয় যদি তিলটা, কয় তবে তালটা: 

(বা ‘তিলকে তাল করা’)ঘটনার বর্ণনায় বাড়াবাড়ি।

22. হাটকানা: 

হাটে নানারকম জিনিসপত্র দেখে যার তাক লেগে যায়, কোনটা কিনবে ঠিক করতে পারে না।

23. হরি বড় দয়াময়, কথায় বটে কাজে নয়: 

অবিশ্বাসীর দেব-দ্বিজে অভক্তি; বাস্তব অভিজ্ঞতার প্রতিফলন; কোন ব্যক্তিকে লোকে দয়ালু বলে জানে অথচ অভিজ্ঞতা অন্য কথা বলে।

24. হরি বাঁচান প্রাণ, বৈদ্যের বাড়ে মান: 

একজন কাজ করে; অন্যজন তার সুখ্যাতি কুড়ায়; কাকতলীয়ভাবে কেউ কোন কাজের কৃতিত্ব পেলে এই প্রবাদ বলা হয়; সমতুল্য- 'ঝড়ে কাক মরে ফকিরের কেরামতি বাড়ে'।

25. হাঁড়ির ভাত একটা টিপলেই সবার খবর মেলে: 

দলের একজনকে চিনলেই সবাইকে চেনা যায়।

26. হরি ঘোষের গোয়াল: 

নিস্কর্মা লোকেদের আড্ডাস্থল;

(উৎসকাহিনী- কোলকাতা নিবাসী হরি ঘোষ নিস্কর্মা আত্মীয়দের প্রতিপালন করতেন; কোন নিস্কর্মা ব্যক্তি একবার তাঁর শরণ নিলেই তার আশ্রয় পেত; এইসব লোকের আবাসস্থল হওয়ায় তাঁর বাড়ির নাম হয়েছিল- 'হরি ঘোষের গোয়াল'; কথায় বলে- 'হরি ঘোষের গোয়াল পেয়েছে'; 'হরি ঘোষের গোয়াল বানিয়ে ফেলেছে'।)

27. হাঁটু জলে ডুবে মরা: 

সামান্য বিপদে নাজেহাল হওয়া।

28. হরি মটর খেয়ে থাকা: 

উপবাসে থাকা; যেদিন অন্নের কোন সংস্থান থাকে না সেই দিন লোকে বলে আজ হরিমটর খেয়ে থাকতে হবে।

29. হরিণের শত্রু তার মাংস: 

মাংসের লোভে বাঘ হরিণ মারে; হরিণ নিজেই নিজের শত্রু;

30. হরেদরে কাশ্যপ গোত্র: 

যার জাতি ও বংশ পরিচয় অজ্ঞাত; সমতুল্য- 'জাত খুইয়ে কাশ্যপ গোত্র'

31. হরিণের শিঙে মাছি বসে না: 

সদা চঞ্চল হরিণের শিঙ-এ মাছি বসতে পারে না; গতিশীল মনে ময়লা ধরে না; সমতুল্য- 'গড়ানো পাথরে শ্যাওলা ধরে না'।

32. হরিহর আত্মা: 

অভিন্ন হৃদয়ের বন্ধু; সমতুল্য- ‘জগাই-মাধাই’

33. হোদল বনে শিয়াল রাজা: 

অজ্ঞানীদের মাঝে অল্পজ্ঞানী যথেষ্ঠ সম্মান পায়; 

সমতুল্য- ‘ভেড়ার দলে বাছুর মোড়ল’।

34. হ্যাপায় পড়ে স্রোতে ভাসা: 

দায়ে পড়ে কাজ করা।

35. হোঁচট খেয়ে পদ্মনাভ // হোঁচোট খেয়ে প্রণাম: 

উল্টে পড়ে গিয়ে প্রণাম স্বীকার; প্রণাম না করেও প্রণাম; কার্যগতিতে কোন ভালো কাজ করা; 

সমতূল্য- 'উচোট খেয়ে প্রণাম'।

36. হোঁতা (থোতা) মুখ ভোঁতা হ'লো: 

দর্পচূর্ণ হ'লো।

37. হোক-না-কেন কাঠের বিড়াল ইঁদুর ধরতে পারলেই হ'ল: 

উপায় যাই হোক-না-কেন কার্যসিদ্ধি হ'লেই হ'ল।

38. হেসে হেসে কথা কয় এ হাসি তো ভাল নয়: 

কুটিল ব্যক্তি হেসে হেসে কথা বললে মনে সন্দেহ জাগে।

39. হিসাবের গরু বাঘে খায় না:

হিসাব করে চললে ভাল বই মন্দ হয় না।

40. হারামের পয়সায় আরাম নেই: অসদুপায়ে অর্জিত অর্থের কোন মূল্য নেই।

41. হায়রে আমড়া কেবল আঁটি আর চামড়া: 

বাইরে চাকচিক্য ভেতরে শূন্যতা; দেখে আদর করে নিয়ে পরীক্ষায় অসারত্ব উপলব্ধি করা।

42. হাতের শাঁখা দর্পণে দেখা: ঘোরাপথে বা বাঁকাপথে কাজ করা।


not yet completed


Saturday, 17 September 2022

কবি বিনয় মজুমদার ।। স্মৃতিচারণা

কবি বিনয় মজুমদারের জন্মদিন আজ। ১৯৩৪ সালের ১৭ সেপ্টেম্বর জন্মগ্রহণ করেন তিনি। তার বাবার নাম বিপিনবিহারি মজুমদার ও মা বিনোদিনী। ১৯৪৮ সালে দেশ ভাগের সময় তারা সপরিবারে ভারতের কলকাতায় চলে যান। 

১৯৪৯ সালে তাকে মেট্রোপলিটন ইনস্টিটিউটে নবম শ্রেণিতে ভর্তি করা হয়। প্রথম বিভাগে উত্তীর্ণ হওয়ার পর ১৯৫১ সালে আইএসসি পড়ার জন্য তিনি প্রেসিডেন্সি কলেজে ভর্তি হন। তিনি শিবপুর বিই কলেজ থেকে ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক হন। 


১৯৫৮ সালে গ্রন্থজগৎ থেকে বের হয় তার প্রথম কাব্যগ্রন্থ ‘নক্ষত্রের আলোয়’। কর্মজীবনে ১৯৫৮ সালে বিনয় মজুমদার অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব হাইজিন এবং পাবলিক হেলথে অধ্যাপক হিসেবে নিযুক্ত হন। ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউটে স্বল্পদিন চাকরি করেন। ত্রিপুরা গভর্নমেন্ট কলেজেও তিনি অধ্যাপনা করেন। দুর্গাপুরে স্টিলপ্ল্যান্টেও কিছুদিন কাজ করেন। একসময় তিনি চাকরি ছেড়ে দিয়ে কাব্য সাধনায় আত্মনিয়োগ করেন। লেখা শুরু করেন ‘ফিরে এসো চাকা’। 

বিনয় মজুমদার এর কবিতা সংগ্রহ [PDF]

১৯৬৬ সালে লিখতে শুরু করেন ‘অঘ্রানের অনুভূতিমালা’ ও ‘ঈশ্বরীর স্বরচিত নিবন্ধ’। তার ২০টির মতো কাব্যগ্রন্থ প্রকাশিত হয়েছে। এর মধ্যে ‘ফিরে এসো চাকা’ তাকে সবচেয়ে বেশি খ্যাতি দিয়েছে। ১৯৬২ সালে তিনি ‘হাংরি’ আন্দোলনে যোগ দেন। পরে শক্তি চট্টোপাধ্যায় ও সন্দীপন চট্টোপাধ্যায়ের কার্যকলাপে বিরক্ত হয়ে তাদের বিরুদ্ধে একটি আলাদা ‘হাংরি বুলেটিন’ প্রকাশ করে কলকাতা কফি হাউজে বিলি করেন এবং ‘হাংরি আন্দোলন’ ত্যাগ করেন। 

বিনয় মজুমদার : একজন কালের এবং কালান্তরের কবি


যতদূর মনে পড়ছে গত শতকের আশির দশকের মাঝামাঝি নাগাদ উত্তর চব্বিশ পরগনার ঠাকুরনগরে এক ব্যক্তির সাথে দেখা করতে গেছিলাম। তার বাড়ির কাছেই কবি বিনয় মজুমদারকে একটি ছোট্ট ঘরে জীবনের শেষ দিনগুলি কাটাতে দেখেছিলাম।আবাছা মনে পড়ছে তাঁর হতাশাগ্রস্থ মুখচ্ছবি।- রবি রায়

Thursday, 15 September 2022

কথাসাহিত্যিক শরৎচন্দ্র ।। আজ জন্মদিন ।। বাংলা সাহিত্য সম্ভার

শরৎচন্দ্র চট্টোপাধ্যায় (১৫ সেপ্টেম্বর ১৮৭৬ – ১৬ জানুয়ারি ১৯৩৮) ছিলেন একজন বাঙালি লেখক, ঔপন্যাসিক, ও গল্পকার। তিনি দক্ষিণ এশিয়ার অন্যতম জনপ্রিয় এবং বাংলা ভাষার সবচেয়ে জনপ্রিয় কথাসাহিত্যিক।তার অনেক উপন্যাস ভারতবর্ষের প্রধান ভাষাগুলোতে অনূদিত হয়েছে। বড়দিদি (১৯১৩), পরিণীতা (১৯১৪), পল্লীসমাজ (১৯১৬), দেবদাস (১৯১৭), চরিত্রহীন (১৯১৭), শ্রীকান্ত (চারখণ্ডে ১৯১৭-১৯৩৩), দত্তা (১৯১৮), গৃহদাহ (১৯২০), পথের দাবী (১৯২৬), শেষ প্রশ্ন (১৯৩১) ইত্যাদি শরৎচন্দ্র রচিত বিখ্যাত উপন্যাস। বাংলা সাহিত্যের ইতিহাসে অপ্রতিদ্বন্দ্বী জনপ্রিয়তার দরুন তিনি 'অপরাজেয় কথাশিল্পী' নামে খ্যাত। তিনি কলিকাতা বিশ্ববিদ্যালয় থেকে ১৯২৩ খ্রিষ্টাব্দে জগত্তারিণী স্বর্ণপদক পান৷ এছাড়াও, তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের থেকে 'ডিলিট' উপাধি পান ১৯৩৬ খ্রিষ্টাব্দে।

স্বরচিত কবিতা ।। রীনা ষোষ




 ফিরতি শ্রাবণ

শ্রাবণের বুঝি ফেরার সময় হলো
ধুয়ে গেছে জমা ছিলো অভিমান যত,
নতুন করে যতই সাজুক আকাশ
তবুও শ্রাবণ " তুমি তোমারই মত"।
আঁজলা ভরে আটকে রাখবো মেঘ
ভিজবো তুমুল সন্ধে নামবে যেই,
এলোমেলো মনে টুপ্ টাপ্ পিছুটান
মনের গলিতে জল জমে থৈ থৈ।
ঠিক তারপর রাত্রি নামার মুখে
আকাশ বুকে জমলে আঁধার গাঢ়,
হাত বাড়িয়ে বৃষ্টিফোঁটা ছোঁব
গহীন বুকে বাড়বে মায়া আরো।
স্নিগ্ধ মধুর ভোরের আলো দেখে
আবদারী মন সংযমী হতে শেখে
বলবো তোমায় "শ্রাবণ এসো আবার"
আগলে নেবো সময় থমকে রেখে।
রীনা.....

মেঘপিয়নের বার্তা

মেঘপিয়নের বার্তা পেলো বৃষ্টি বিকেল
চোখ দুটিতে জড়িয়ে অতীত ওতপ্রোত,
কবিতারও তোমার মতোই অতর্কিতে
নিবিড় করে জড়িয়ে ধরাই স্বভাবজাত।
নেশাতুর এক সন্ধ্যে নামে দিকবলয়ে
ইশতেহারে ভরিয়ে আকাশ নিখোঁজ হবার,
"খুঁজিস কাকে"? বললো ফানুস ফিসফিসিয়ে
"ঋণ ভুলেছে বসন্তরাও কৃষ্ণচূড়ার।"
সুনীল আবার কাব্য লিখুক নীরার নামে
শিরায় শিরায় ছুটুক আবার অ্যাড্রেনালিন
কালবোশেখীর স্পর্ধা নিয়েও আসুক ফিরে
নাই বা হলো উপস্থিতি দীর্ঘকালীন।
রীনা.....

আমায় ওরা বন্য বলে বলুক,
ওদের কথায় কি বা এসে যায়
বুকের ভেতর আগুন আছে জমা
দহন বিনে লাগছে অসহায়।
সময় অনেক বদলে গেছে জানি
ইথার জুড়ে কেবল নীরবতা,
বিবেক বলে, সংযত রেখো ঠোঁট
সঞ্চয়ে থাক পুরোনো বন্ধুতা।
আমরা কেবল 'দূরত্ব বিধি' মানি
হঠাৎ কোনো 'মন মহামারী' ছুঁলে,
ঠিক কতটা ঘৃণার পারদ জমা ?
জানিও তোমার মনের অন্তরালে।
চাইনা কোনো ছদ্মবেশী মুখ
নিজেই পাতাই নিজের সাথে সই।
চাবুক হাতে সামলে নেবই রথ
জেনো,আমিও তেমন লক্ষ্মী মেয়ে নই।
রীনা....

অব্যক্ত

না বলা কথা, যত ব্যাকুলতা,

       ঝরে যাক যত পুষে রাখা মেঘ 

শ্রাবণের খামে বর্ষার নামে ,

     পথ চিনে নিক কিছু আবেগ।

কখনো না বলা কথাদের মালা ছুঁয়ে যাক আজ আধখোলা ঠোঁট

মন সাহারায়, বাদল ধারায় ভেজা ভেজা

এক রূপকথা হোক।

রীনা....


স্মৃতি মেদুর


হয়তো ভোলোনি কিছুই, হৃদ অলিন্দে সব রেখেছ যত্ন করে জমা,
এক মুঠো প্রেম,উড়ন্ত চুম্বন,
আজো ভালোবাসে তোমার প্রিয়তমা।
কবিতার খাতায় আজও নিশ্চিত ভরিয়ে রেখেছো কিছু অবাধ্য শব্দের কারুকাজ,
রঙিন খামে ভরেছো কিছু দুরন্ত আবেগ আর কিছু রুদ্ধশ্বাস প্রেমের আলফাজ।
মনে রেখেছো যখন বিগত বসন্ত, স্মৃতিমোড়া পথ, সুগন্ধি ফুল, নীল আদর মাখাঠোঁট,
পাঁজর ভাঙা প্রেমে সাজানো উষ্ণ বিকেল ফিরে পেতে তখন টুকরো স্মৃতিরা একজোট।
হেমন্ত হেমলক মনে হয় ,পারলে এই অবেলায় বৃষ্টি হয়ে একটিবার ছুয়ে যেও,
আজও বিশ্বাস করি পরজন্মে,আমাদের আবার ঠিক দেখা হবে জেনো প্রিয়।

রীনা......







কবি পরিচিতি: রীনা ঘোষের জন্ম এবং বেড়ে ওঠা এপার বাংলার উত্তর চব্বিশ পরগনায়। পড়াশুনা স্নাতক স্তর পর্যন্ত।বর্তমানে নৈহাটিতে বসবসকারী রীনা একজন সাধারণ গৃহবধূ। কবিতা এবং প্রবন্ধ পড়তে ভালোবাসেন স্কুলজীবন থেকেই। সম্প্রতি লেখালেখি করছেন। স্বল্পকালের মধ্যেই তিনি একাধিক কবিতা রচনা করে পাঠকের মন জয় করে নিয়েছেন।তাঁর লেখায় প্রকৃতির ছোঁয়া লক্ষ্যনীয়।


Saturday, 13 August 2022

Book Hub ll বিষাদসিন্ধু: বাংলা ভাষায় রচিত কারবালা যুদ্ধের প্রেক্ষাপটে এক ঐতিহাসিক উপন্যাস

 বিষাদ সিন্ধু অর্থ - দুঃখের সমুদ্র

বিষাদ-সিন্ধু হল মীর মশাররফ হোসেন রচিত একটি মহাকাব্যিক উপন্যাস। বাংলা সাহিত্যের জনপ্রিয় ও প্রাচীনতম উপন্যাসগুলোর মধ্যে এটি অন্যতম। হিজরি ৬১ সালে সংঘটিত কারবালার যুদ্ধ ও এর পূর্বাপর ঘটনাবলী এই উপন্যাসের মূল উপজীব্য বিষয়। এটি যথাক্রমে ১৮৮৫, ১৮৮৭ ও ১৮৯১ সালে তিন ভাগে প্রকাশিত হয়; পরবর্তীতে সেগুলি একখন্ডে মুদ্রিত হয় ১৮৯১সালে।

Sunday, 7 August 2022

আজ ২২শে শ্রাবণ: হোকনা একটু রবি রবিস্মরণ

কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর, তাঁর জীবনে যত দুঃখ কষ্ট বহন করেছেন, তা পৃথিবীর আর কোনো সাহিত্যিকের জীবনে, ঘটেছে বলে জানা নেই।

1. মাত্র তের বছর বয়সে মাতৃহারা হন।
2. তাঁর বিয়ের রাতে ভগ্নিপতি মারা যান।
3. চারমাস পরে আত্মহত্যা করেন যার প্রেরণা ও ভালোবাসায়, তিনি কবি হয়ে উঠেছেন, সেই নতুন বৌঠান কাদম্বরী দেবী।
4. ১৯০২ কবিপত্নী মৃণালিনী দেবী মারা গেলেন মাত্র ২৯ বছর বয়সে। রবীন্দ্রনাথ তখন একচল্লিশ।
5. দুই মেয়ের বিয়ের সময় শর্ত ছিল, জামাইদের বিলেতে ব্যারিস্টারি ও ডাক্তারি পড়াতে খরচ দিতে হবে কবিগুরুকে। রবিঠাকুর বিলেত পাঠালেন তাঁদের। কিন্তু কিছুদিনের মধ্যেই রেনুকা অসুস্থ হয়ে পড়লেন। বাঁচানো গেলনা তাঁকে।
6. ১৯০৫ সালে চলে গেলেন, পিতা মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর।
7. ১৯০৭ কনিষ্ঠ পুত্রের কলেরায় মৃত্যু মাত্র ১২ বছর বয়সে।
8. ১৯১৩ সাল, রবীন্দ্রনাথ নোবেল পেলেন।
9. ১৯১৮ বড়মেয়ে বেলি অসুস্থ। বেলাকে প্রতিদিন গাড়িতে করে দেখতে যেতেন কবি। বাবার হাত ধরে, মেয়ে বসে থাকত বিছানায়। আর তখন রবীন্দ্রনাথের জামাই শরৎ, টেবিলের ওপর পা তুলে সিগারেট খেতে খেতে, রবীন্দ্রনাথকে ব্যাঙ্গ-বিদ্রুপ করতেন। একদিন বেলাকে দেখতে গিয়ে, মাঝপথে শুনলেন সে মারা গেছে।
মেয়েকে শেষ দেখা না দেখে ফিরে এলেন বাড়ি। পুত্র রথীন্দ্রনাথ লিখেছেন, বাড়িতে এসে তিনি কাউকে বুঝতে দিলেন না কী শোকে, কী অপমানে, কী অসহ্য বেদনার মধ্য দিয়ে তিনি সন্তানকে হারিয়েছেন।
10. কবির ছোট মেয়ে মীরার বিয়ে দিয়েছিলেন নগেন্দ্রনাথের সঙ্গে, যাকে বিলাতে কৃষিবিজ্ঞানী করার জন্য প্রতিমাসে সেইসময় পাঁচশ টাকা করে পাঠাতেন। আর নগেন্দ্র চিঠি লিখে আরও টাকা পাঠানোর তাগাদা দিতেন। প্রত্যুত্তরে কবি লিখতেন, আমার জমিদারী থেকে প্রতিমাসে পাঁচশ টাকাই পাই। তার পুরোটাই তোমাকে পাঠাই।
সেই নগেন্দ্র বিলাত থেকে ফিরে, দুই সন্তান সহ মীরাকে পরিত্যাগ করে অন্যত্র চলে যান।
কবির তিন জামাই যাদের প্রত্যেককে বিদেশে পড়িয়ে তিনি প্রতিষ্ঠিত করেছেন, তারা প্রতেকেই কোন না কোন ভাবে কবিকে দুঃখ দিয়েছেন।
সারাজীবনে কবি দুঃখ পেয়েছেন বারেবারে, অপমানিত-উপেক্ষিতও হয়েছেন অসংখ্যবার।
11. আর্জেন্টিনার কবিপ্রেমী লেখিকা ভিক্টোরিয়া ওকাম্পর সাথে তাঁর সম্পর্ক নিয়ে কুৎসা করে সংবাদপত্রও প্রকাশিত হয়েছে।
12. কবি তখন ৬৪, নোবেল পুরস্কারপ্রাপ্ত বিশ্ববরেণ্য সাহিত্যিকl কবির নোবেল প্রাপ্তি নিয়েও কিছু লোক তাঁকে ব্যাঙ্গও করেছিলেন।
চিঠি লিখে কবির কাছে জানতে চাইছেন নোবেল পুরস্কার পাওয়ার টেকনিকটা কী? সেক্ষেত্রে ভাবী পুরস্কারপ্রাপক, কবিকে অর্ধেক টাকা দিতেও রাজি।
13. শান্তিনিকেতনে সাক্ষাৎ করতে এসে কেউ কবিকে বলছেন, রবিবাবু আপনি কি এখনো কবিতা-টবিতা লেখেন নাকি? মানে অতোগুলো টাকা পাওয়ার পর আবার কেউ লেখে নাকি!
অথচ অনেকেই জানেন না, নোবেল পুরস্কার প্রাপ্তির খবরটা, প্রশান্তচন্দ্র মহলনাবিশ যখন কবিকে দেন, তখন কবির প্রথম প্রতিক্রিয়া ছিল,
‘যাক, ওই টাকায় এবার বিশ্বভারতীর সেচখাল কাটার সংস্থানটা হবে’।
যারা কবি বা লেখক তারা সকলেই সমাজের কাছে একটা স্বীকৃতি চায়, রবীন্দ্রনাথ বহুদিন সেটা, তখনকার বাঙালি সমাজের কাছে পাননি।
তাই নোবেল পুরস্কার পাওয়ার পর, তাঁকে যখন সম্বর্ধনা দেওয়া হলো তখন তিনি বললেন...
‘আমি এই সম্মানের পাত্রকে, ওষ্ঠ পর্যন্ত তুলব। কিন্তু গলা পর্যন্ত যেতে দেবনা’।
কতবড় অভিমান ও দুঃখ থাকলে এ কথা বলা যায়!
14. রবীন্দ্রনাথ নিজেই বলেছেন, 'পৃথিবীতে এসে যে ব্যক্তি দুঃখ পেলনা, সে লোক ঈশ্বরের কাছ থেকে সব পাওয়া পেলনা’।
বারেবারে মৃত্যু-দুঃখ-অপমান রবীন্দ্রনাথকে শাণিত করেছে সৃষ্টিপথে, নির্মোহ করেছে জগৎসংসারে, নস্টালজিক করেছে ক্ষণেক্ষণে। তাই তিনি বলতে পেরেছেন, ‘ আছে দুঃখ, আছে মৃত্যু, বিরহদহন লাগে। তবুও শান্তি, তবুও আনন্দ, তবুও অনন্ত জাগে’। আমরাও যেন সদা তাঁর সুরে সুর মিলিয়ে বলতে পারি, “ মনেরে আজ কহ যে/ ভালো মন্দ যাহাই আসুক/ সত্যরে লও সহজে”....

Courtesy: Chaitali Chatterjee

সংযোজন: নোবল পদকটাও চুরি গেছে।



Rabindranath Tagore